২
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী অপশক্তিকে মোকাবিলা করবে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, গত কয়েক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা তাদের প্রকৃত পরিচয় বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসীর সামনে নতুন করে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করতেই ১১ দলের নেতারা বৈঠকে বসেছেন।
তিনি বলেন, আমরা ইস্পাতকঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই, তা হলো—যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক অপশক্তিকে রুখতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে তাদের মোকাবিলা করব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা বাংলাদেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। এই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন, যা গণভোটের মাধ্যমে জনগণের রায়ে প্রতিফলিত হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়ন ও জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর গণভোটের গণরায় কার্যকর না করাটাই বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকলে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সম্ভব। গতকাল প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকে ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি প্রাথমিক বার্তা এসেছে। তবে গণভোটের গণরায় মেনে না নিলে সেই ঐক্য বাস্তবায়ন সম্ভব নয়। গণভোটের রায় কার্যকর করা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাইয়ের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন, দেশের সব জনগণ যেভাবে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী অপশক্তিকে বিতাড়িত করেছে, আবারও তাদের সেই ঐক্যের প্রকাশ ঘটবে বলে আমরা আশাবাদী।
প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, সরকার কঠোর হাতে নৈরাজ্য দমন করবে বলে আমরা আশা করি। প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর ভূমিকা জরুরি। প্রশাসন এখন পর্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এ পর্যন্ত যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা সবাই পরাজিত শক্তির হামলার শিকার হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করি। তবে বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলে আমি মনে করি না।
বর্তমান সরকারের ভূমিকা মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, মাঠপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে। বিগত সরকার বিরোধীদল ও ইসলামপন্থিদের দমনে কঠোর মনোভাবাপন্ন ছিল। বর্তমান সরকার বিরোধী মত দমনের ক্ষেত্রে আগের সরকারের মতো নৃশংসতার পথে হাঁটছে না। তবে পরিস্থিতি সামগ্রিকভাবে মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন।
১১ দলের সাত দফা দাবি ও পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, ১১ দল তাদের সাত দফা দাবি থেকে কোনোভাবেই সরে আসেনি। তবে বর্তমান জরুরি পরিস্থিতিতে পরাজিত ও আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা থেকে দেশকে রক্ষা করাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে কর্মসূচি ঘোষণা করা হবে। ১১ দলীয় ঐক্য যৌথভাবে এবং নিজ নিজ দলীয় অবস্থান থেকেও সক্রিয় থাকবে।
নাশকতায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মাওলানা মামুনুল হক বলেন, ইতোমধ্যে নৈরাজ্যবাদীদের হামলায় বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী শাহাদাতবরণ করেছেন, যাঁদের জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, যাঁদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে এবং রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়া হয়েছে—সেসব ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে গভীর সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করছি।
তিনি আরও বলেন, বর্তমান সংকটে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ১১ দল ভূমিকা রাখতে চায়। নৈরাজ্য সৃষ্টি করে জাতিকে পরাজিত করা যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি।