সদস্য হোন
সদস্য হোন

মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি — মুফতি মুহাম্মদুল্লাহ

মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।

by Saifullah
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ফুলপুর উপজেলা শাখা আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, মাদক আজ সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তাদের চলাফেরা ও বন্ধুমহলের প্রতি অভিভাবকদের নিয়মিত নজরদারি রাখতে হবে। সচেতন ও দায়িত্বশীল অভিভাবকই মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম প্রধান শক্তি।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রে প্রশাসনের তৎপরতা প্রত্যাশিত মাত্রায় দৃশ্যমান নয়। মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও আন্তরিক, কঠোর ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।
ফুলপুর-তারাকান্দায় সার ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে উপজেলা ও জেলা পর্যায়ে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এ বিষয়ে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। তবে সরকার দলীয় স্থানীয় কিছু নেতার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, প্রতিটি ডিলারশিপের বিপরীতে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এভাবে অর্থের বিনিময়ে ডিলারশিপ দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিনিয়োগ করা অর্থ সাধারণ জনগণের কাছ থেকেই বিভিন্ন উপায়ে আদায়ের চেষ্টা করবেন। এতে জনগণের অধিকার ক্ষুণ্ন হবে এবং দুর্নীতির পথ তৈরি হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিমউদ্দিন শাহ জামালী। সঞ্চালনা করেন উপজেলা শাখার সহসভাপতি মাওলানা ডা. আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুস সবুর খাঁন, ফুলপুর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহসাধারণ সম্পাদক মুফতি আবু নাঈমদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ আলমগীর হুসাইন, মাওলানা আবু রায়হান মাহমুদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ফুলপুর উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মাদ আহমাদুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল হক ও সাংগঠনিক সম্পাদক হাফেজ সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশের শেষে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ জাতীয় আরো সংবাদ