সদস্য হোন
সদস্য হোন

গণভোটের গণরায় বাস্তবায়ন ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের দাবিতে মুক্তাগাছায় বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।।

গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ রাষ্ট্রের মৌলিক সংস্কারের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

by Saifullah
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় মুক্তাগাছার নন্দীবাড়ি অডিটোরিয়ামে শুরু হওয়া এ সমাবেশের কার্যক্রম বিকেল ৪টায় সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং দেশের বিদ্যমান রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ধারাবাহিকভাবে রাজপথে সক্রিয় রয়েছে। গত এপ্রিল মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত গণসমাবেশ থেকে ঘোষিত দেশব্যাপী নাগরিক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে জনগণের কাছে দলের অবস্থান ও দাবিগুলো তুলে ধরা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শুধু সংবিধান সংশোধন যথেষ্ট নয়; প্রয়োজন রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বিগত ৫৪ বছরে ১৭টি সংবিধান সংশোধনীর পরও রাষ্ট্রের কাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সংশোধনের মাধ্যমে পরিবর্তিত বিষয় ভবিষ্যতে আবার পরিবর্তন বা বাতিল হওয়ার সুযোগ থাকে। তাই জুলাই সনদের অভিপ্রায় ও আলোকে রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কার করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রের সব ক্ষমতা কেন্দ্রীভূত না রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সাংবিধানিক ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন এবং প্রশাসন ও পুলিশ বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করে জনগণের সেবায় নিয়োজিত করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং চব্বিশের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে হবে। বিভেদ সৃষ্টিকারী কোনো বক্তব্য বা মহলের প্ররোচনায় প্রভাবিত না হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব, শাপলা চত্বর ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকেই ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মুক্তাগাছাকে খেলাফত প্রতিষ্ঠার দুর্জেয় ঘাঁটিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি মরহুম মাওলানা মুফতি হাবিবুর রহমানের অবদানের কথাও স্মরণ করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী ও মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মুফতি আব্দুল হালিম কাসেমী ও মাওলানা তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম, ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি মুশতাক আহমদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হুসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ ও কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য হাবিবুল্লাহ মিসবাহ, খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও মাওলানা আজহারুল ইসলামসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
হাফেজ রুহুল আমীন বাদশা, মাওলানা আব্দুল হাই মেসবাহ ও মাওলানা রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান।
সমাবেশে বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধ প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ