৭
আজ ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার বাদ জুমা, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবে সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ বলেন, “বিএনপি সরকার শপথ গ্রহণের পর থেকেই দেশের ৭০ শতাংশ জনগণের সঙ্গে গাদ্দারি করেছে। সাত মাসেও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। জনগণের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করাই যেখানে সরকারের অন্যতম দায়িত্ব, সেখানে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের বোঝা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।”
তিনি আরও বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটে পড়েছে। মানুষের আয় বাড়ছে না, অথচ প্রতিদিন বাড়ছে জীবনযাত্রার ব্যয়। চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। বাজারে অসাধু সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনগণের ওপর থেকে অতিরিক্ত ব্যয়ের বোঝা লাঘব করুন। জনগণের দুর্ভোগ উপেক্ষা করে কোনো সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে না। জনগণের ন্যায্য দাবি ও অধিকারকে সম্মান করতে হবে।”
যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা উমর ফারুক মতুব্বরের পরিচালনায় বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল বিভাগের সম্পাদক আহমাদ মুরসালিন এবং ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রায়হান মাহমুদ, বাইতুল মাল সম্পাদক জসিম উদ্দিন, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আল-আমিন, সহ-প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, মজলিসে আমেলার সদস্য সাইফুল ইসলাম লিটন ও জাকির হোসাইন, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সম্পাদক আব্দুল আহাদ, ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফি এবং মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশ থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
