৭
নিজস্ব রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো ধরনের দ্বিধা-সংশয় বা ওয়াসওয়াসা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। তিনি বলেন, “আমরা আমাদের রাজনৈতিক অবস্থান নিয়ে ওয়াসওয়াসা লালন করি না। আমরা কখনোই সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করি না। অনেক চিন্তাভাবনা করে এবং যথেষ্ট সময় নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিসের চলমান রাজনৈতিক অবস্থানের কারণে শুধু বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিই নয়; বাংলাদেশের হকপন্থী দেওবন্দি ঘরানার ইসলামী রাজনীতি এবং বাংলাদেশপন্থী ও ইসলামপন্থীদের রাজনীতিও সুসংহত হবে, ইনশাআল্লাহ।”
শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সুধী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক মাওলানা ওলিউল্লাহর পরিচালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। এ ছাড়া বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
