৯
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক রচিত নতুন গ্রন্থ ‘জুলাই কেন আমাদের লড়াই?’ প্রকাশিত হয়েছে। আজ ৫ আগস্ট’২৬, বৃহস্পতিবার বিকাল তিনটায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বইটি প্রকাশ হয়।
জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান, গণভোট, সংবিধান সংস্কার, ইসলামপন্থীদের ভূমিকা এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এই গ্রন্থে বিশ্লেষণ করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ মাওলানা মনযুর আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, বিশিষ্ট লেখক ও গবেষক মুসা আল হাফিজ।
আল্লামা মামুনুল হক বলেন, আমরা কেন জুলাইয়ের পক্ষে ছিলাম, আছি এবং থাকতে হবে, এটাই বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে। জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন। এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, জুলাই বিপ্লবের উপর কওমি আলেম সমাজের অবদান ও আকাঙ্ক্ষা আমাদেরই কিছু কিছু মানুষেরই দুর্বল করার যে অপচেষ্টা, তার প্রতি আমরা চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করছি।
তিনি আরো বলেন, বিগত নির্বাচনে বিএনপির সাথে আমাদের জোট না হওয়ার সবচে শক্তিশালী কারণ ছিল, জুলাইয়ের বিরুদ্ধে তাদের অবস্থান। তারা কোনোভাবেই চায় না জুলাই প্রতিষ্ঠা পাক।
আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, জুলাইয়ের ইতিহাসকে পরিবর্তন করে ফেলা হচ্ছে। জুলাই জাদুঘরকে বিকৃত করে উদ্বোধন করা হয়েছে। এজন্যই আমরা জুলাই যে যেভাবে দেখেছি সেটা লিপিবদ্ধ করে রাখা দরকার।
মুসা আল হাফিজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন তাদের লিখিত বইগুলোর মধ্যে এই বইটি প্রথম সারিতে থাকবে। জুলাইয়ের যতগুলো পক্ষ সবারই এই বইকে জুলাইয়ের টেক্সটবুক হিসেবে গ্রহণ করা উচিত।
মাওলানা আল আবিদ শাকের এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা ইব্রাহিম জামিল প্রমুখ।