বরেণ্য আলেম, আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.–এর একমাত্র সাহেবজাদা এবং জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সিলেটের জামিয়া গহরপুর প্রাঙ্গণে আয়োজিত উলামা–সুধী সমাবেশে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক–এর কাছে সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমীরে মজলিস মাওলানা মামুনুল হক আল্লামা নূরউদ্দীন গহরপুরী রহ.–এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,
“এই অঞ্চল ইসলামী শিক্ষা ও নৈতিকতার এক ঐতিহ্যবাহী কেন্দ্র। মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর যোগদানের মাধ্যমে খেলাফত মজলিস এ অঞ্চলে আরও শক্তিশালী সামাজিক–দাওয়াতি ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক আগামী জাতীয় নির্বাচনে সিলেট–৩ (বালাগঞ্জ–ফেঞ্চুগঞ্জ–দক্ষিণ সুরমা) আসনে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আট দলীয় ইসলামী জোটের আলোচনার ভিত্তিতে এ আসনে মাওলানা রাজু জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবেও মনোনয়ন পাবেন।
যোগদান উপলক্ষে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বলেন,“ব্যক্তিগতভাবে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো পরিকল্পনা আমার ছিল না। কিন্তু আলেমসমাজ, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার সাধারণ মানুষের পরামর্শ ও আস্থার মূল্য দিয়ে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইসলামী শিক্ষা, আদর্শ ও জনকল্যাণের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”
মাওলানা মুসলেহ উদ্দীন রাজু প্রায় দুই দশক ধরে জামিয়া গহরপুরের মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৬ সাল থেকে দেশের বৃহত্তম কওমি প্ল্যাটফর্ম বেফাকুল মাদারিসিল আরবিয়ার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সিলেট অঞ্চলের তরুণ, গ্রহণযোগ্য ও উদীয়মান আলেমদের মধ্যে তার নাম শীর্ষে রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
-মজলিস মিডিয়া সেল
