সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ঔদ্ধত্যপূর্ণ ও চরম উসকানিমূলক; ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে।। — মাওলানা জালালুদ্দীন আহমদ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং কর্তৃক আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিতে তীব্র ক্ষোভ, বিস্ময় ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

by Saifullah
আজ বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থীই নয়; বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি। বাংলাদেশের মানুষ কোনো বিদেশি রাষ্ট্রের করুণা বা অনুকম্পায় স্বাধীনতা অর্জন করেনি। লাখো শহীদের রক্ত, অসংখ্য মা-বোনের আত্মত্যাগ এবং দীর্ঘ মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় এ দেশের মানুষ সর্বদা ঐক্যবদ্ধ ও আপসহীন।
তিনি বলেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার স্বপ্ন যারা দেখছেন, তাঁদের মনে রাখা উচিত—বাংলাদেশ কোনো করদ রাজ্য নয়, কোনো আশ্রিত ভূখণ্ড নয় কিংবা অন্য কোনো রাষ্ট্রের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রও নয়। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ; দিল্লি কিংবা অন্য কোনো দেশের কোনো রাজনৈতিক নেতা বা ক্ষমতাধর গোষ্ঠী নয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের গৌরবোজ্জ্বল দিন। এই দিনকে সামনে রেখে বাংলাদেশ দখলের হুমকি দেওয়ার দুঃসাহস এ দেশের ১৮ কোটি মানুষের জাতীয় আত্মমর্যাদার ওপর চরম আঘাত।
মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি, সামরিক আগ্রাসনের উসকানি এবং আধিপত্যবাদী মনোভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশকে গাজা স্টাইলে শিক্ষা দেওয়ার বক্তব্য এবং সাম্প্রতিক সময়ে অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি একই ধরনের বিপজ্জনক রাজনৈতিক প্রবণতার বহিঃপ্রকাশ। প্রতিবেশী একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্যকে কোনোভাবেই বিচ্ছিন্ন রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই। এসব বক্তব্য আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি বলেন, ভারতের শাসকগোষ্ঠীর মনে রাখা উচিত, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূরাজনৈতিক গুরুত্বকে উপেক্ষা করে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রেও বাংলাদেশের ভূখণ্ড ও সহযোগিতার বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে। বাংলাদেশের সহযোগিতা ও ভৌগোলিক বাস্তবতাকে পাশ কাটিয়ে ভারতের আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তার স্বার্থও পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশ কারও করুণা প্রদর্শনের জায়গা নয়; বরং পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতেই প্রতিবেশী সম্পর্ক টিকে থাকে। সুতরাং বাংলাদেশকে চোখ রাঙানোর আগে ভারতের আধিপত্যবাদী রাজনীতিকদের নিজেদের ভূরাজনৈতিক বাস্তবতা উপলব্ধি করা উচিত।
মাওলানা জালালুদ্দীন আহমদ বাংলাদেশের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠাতে হবে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ বক্তব্যের ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের হুমকি বন্ধের নিশ্চয়তা চাইতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য হুমকির বিষয়টি তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশকে দখল করার হুমকি দিয়ে এ দেশের মানুষকে ভীত করা যাবে না। বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডের ওপরও কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা এ দেশের জনগণ বরদাশত করবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে গোটা জাতি ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস

এ জাতীয় আরো সংবাদ