৫
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ রাতে (২ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একের পর এক জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের জীবন দুর্বিষহ করে তুলছে। আজ আবারও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসেও দাম বেড়েছিল ২১২ টাকা। অর্থাৎ মাত্র দুই মাসে দুই দফায় ৪৩৫ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। সরকারের এ ধরনের লাগামহীন ও গণবিরোধী সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, সরকারকে দেখে মনে হচ্ছে, তারা নিজেদের এ দেশের রাজা আর জনগণকে অচ্ছুত প্রজা মনে করতে শুরু করেছে। কোনো গণতান্ত্রিক সরকার জনগণের মতামত, সামর্থ্য ও দুর্ভোগের প্রতি শ্রদ্ধাশীল হলে এভাবে একের পর এক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে না। নিজেকে রাজা আর জনগণকে প্রজা মনে করার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মানসিকতা থেকেই এ ধরনের গণবিরোধী সিদ্ধান্ত আসতে পারে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে। শেষ পর্যন্ত এর পুরো বোঝা বহন করতে হয় সাধারণ মানুষকে।
তিনি আরও বলেন, বিগত সতেরো বছর আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে দেশে যে লুটপাটের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, বিএনপি সরকার যেন সেই লুটপাটের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। গ্যাস ও জ্বালানি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। জনগণের ক্রয়ক্ষমতা ও দুর্ভোগ উপেক্ষা করে সরকার ইচ্ছামতো এসবের দাম বাড়াতে পারে না।
তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, জনগণের দুঃখ-দুর্দশা যদি উপলব্ধি করতে না পারেন, জনগণের বোঝা যদি লাঘব করতে না পারেন, তাহলে ক্ষমতা ছেড়ে দিন। আপনি দীর্ঘ সতেরো বছর লন্ডনে আরামে ছিলেন। আপনার দলের নেতা সালাহউদ্দিন আহমদ ছিলেন ভারতের শিলংয়ে। এ দেশের মানুষ সীমাহীন ত্যাগ, নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে আপনাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে। অথচ জনগণের সেই ত্যাগ ও কষ্টের প্রতি আপনাদের কোনো সংবেদনশীলতা আছে বলে মনে হচ্ছে না। দেশ পরিচালনায় সক্ষম না হলে ক্ষমতা ছেড়ে দিন, প্রয়োজনে লন্ডনে ফিরে যান। কিন্তু দয়া করে জনগণের সঙ্গে রাজাগিরি দেখাবেন না।
মনে রাখবেন, জনগণ কাউকে ক্ষমতায় বসাতে যেমন জানে, তেমনি ক্ষমতার মসনদ থেকে নামাতেও জানে। ইতিহাস থেকে শিক্ষা নিন।
তিনি অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহার এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান। অন্যথায় বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে সঙ্গে নিয়ে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
বার্তা প্রেরক
হাসান জুনাইদ
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস