১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, তাকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করা এবং ধর্মীয় পোশাকের কারণে তাকে পেছনে বসতে বলার অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, একজন মুসলিম শিক্ষার্থীকে তার ধর্মীয় পোশাকের কারণে অপমান করা শুধু ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত নয়; এটি গোটা মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির প্রতি অবমাননা।
তিনি বলেন, শিক্ষাঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে যদি নিকাব, হিজাব বা ইসলামী পোশাককে বিদ্রূপ করা হয়, তাহলে সেটি নিছক মতপ্রকাশ নয়; এর মধ্যে ইসলামবিদ্বেষী মানসিকতার প্রকাশ আছে। আর একজন শিক্ষকের দায়িত্বশীল অবস্থানকে ব্যবহার করে কোনো শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বা ‘ফান্ডামেন্টালিস্ট’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা হলে সেটি আরও গুরুতর বিষয়।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন,
নিজেদের তথাকথিত আধুনিকতাকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে ইসলামী পোশাককে পশ্চাৎপদতা, মৌলবাদ বা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করা মূলত এক ধরনের সাংস্কৃতিক ফ্যাসিবাদ।
তিনি আরও বলেন, ইসলামী পোশাক দেখলেই ‘সন্ত্রাসী’ আর অশালীনতাকে দেখলেই ‘আধুনিক’—এই দ্বৈত মানদণ্ড কোনো মুক্তবুদ্ধির পরিচয় নয়। বরং এ ধরনের মানসিকতা ব্যক্তি-স্বাধীনতার নামে ধর্মীয় স্বাধীনতাকে সংকুচিত করার একটি বিপজ্জনক প্রবণতা।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, অবিলম্বে তদন্ত শেষ করে সংশ্লিষ্ট শিক্ষক বা ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। কেবল কোর্স পরিবর্তন বা সাময়িক প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট নয়। একই সঙ্গে তদন্ত চলাকালে অভিযোগকারী শিক্ষার্থী যেন কোনো ধরনের একাডেমিক বা প্রশাসনিক হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, পোশাক ও মর্যাদাকে অবজ্ঞা করার অধিকার কারও নেই। নিকাব পরা কোনো অপরাধ নয়, ইসলাম পালন কোনো অপরাধ নয় এবং ধর্মীয় পরিচয় কোনো অপরাধের প্রমাণ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রমাণ করতে হবে—এখানে ইসলামবিদ্বেষ, সাংস্কৃতিক বৈষম্য কিংবা ফ্যাসিস্ট মানসিকতার কোনো স্থান নেই।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস