৮
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের চলমান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা হিসেবে আসে। তাই এ সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর রহমতের প্রত্যাশা করা এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানি ও মানবিক দায়িত্ব।
আজ (শনিবার, ১১ জুলাই) ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক পরিচালনা করেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, টানা বর্ষণ ও উজানের ঢলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যাকবলিত হয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। বিশুদ্ধ পানীয় পানি, খাদ্য, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের সংকট দিন দিন তীব্রতর হচ্ছে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী ও সামর্থ্যবান নাগরিকদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সরকারকে পরিকল্পিতভাবে ত্রাণ, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি, আশ্রয় ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতাকর্মী, বিশেষ করে বন্যাকবলিত জেলার দায়িত্বশীলদের প্রতি দ্রুত স্বেচ্ছাসেবী টিম গঠন করে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি বিদেশে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রেখেছে। তাদের সহযোগী কালচারাল ফ্যাসিবাদী অপচক্র তথাকথিত সাংবাদিকতা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের আড়ালে ইতিহাস বিকৃতি, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ভারতীয় আধিপত্যবাদকে আশ্রয় ও শক্তি হিসেবে ব্যবহার করে পরিচালিত এ ধরনের অপতৎপরতা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যা, গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে। বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে অপরাধীদের পক্ষে সংঘবদ্ধ অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং জনমত প্রভাবিত করার অপচেষ্টায় লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বৈঠকে আরও বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যেমন পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে জাতির স্বাধীনতার সংগ্রাম ছিল, তেমনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী অপশাসন ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের ঐতিহাসিক গণপ্রতিরোধ। মুক্তিযুদ্ধকে অবমাননা যেমন জাতীয় চেতনার পরিপন্থী, তেমনি জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষ, বিকৃতি বা অবমূল্যায়নের অপচেষ্টাও সমানভাবে নিন্দনীয় এবং জাতীয় স্বার্থবিরোধী। এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বৈঠকে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী ও মাওলানা কোরবান আলী কাসেমী , যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন এবং মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মাওলানা আবু সাঈদ নোমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিমউদ্দিন, সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী হোসাইন আহমদ, নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা শাব্বির আহমদ উসমানী, মাওলানা আজিজুল হক, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাওলানা ছানাউল্লাহ আমেনী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক ও মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।
বার্তা প্রেরক
হাসান জুনাইদ
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস