১১
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি ও বটগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম, বর্ষীয়ান আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হক সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ (১৪ অক্টোবর) এক শোক বিবৃতিতে তিনি বলেন, গত রাতে আল্লামা নূরুল হক সাহেবের ইন্তেকালে দেশ একজন প্রাজ্ঞ আলেম, অভিজ্ঞ দ্বীনি অভিভাবক ও নিবেদিতপ্রাণ ইসলামি ব্যক্তিত্বকে হারিয়েছে।
আনুমানিক ৮৪ বছর বয়সী এই আলেম চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং পরবর্তীতে তাফসির বিষয়ে বিশেষ অধ্যয়ন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ইলমে দ্বীনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৮০ সাল থেকে বটগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সহিহ বুখারি শরিফের দরস প্রদান, বহু মাদ্রাসা প্রতিষ্ঠায় সহযোগিতা এবং কুমিল্লার কওমি মাদ্রাসাগুলোকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তাঁর সরল জীবনযাপন, ইখলাস ও দ্বীনি খেদমত আলেম সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মহান আল্লাহ তাআলা মরহুমের সকল নেক আমল ও দ্বীনি খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস