জাজিরা (শরীয়তপুর), ১ জুলাই:
বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আজ মঙ্গলবার শরীয়তপুর-১ আসনের জাজিরা উপজেলায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাজিরা উপজেলার সকল মাদ্রাসার প্রিন্সিপাল, ইমাম ও খতিবদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমদ ওসমানী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জুলাই-আগস্ট বিপ্লব কোনো ব্যক্তিগত ঘটনার নাম নয়; এটি জাতির স্বতঃস্ফূর্ত আত্মত্যাগ, ঈমানি চেতনা ও জাতীয় আত্মপরিচয়ের এক অবিনাশী ইতিহাস। শহীদদের রক্ত শুধু স্মৃতিচারণের জন্য নয়, বরং তা হতে হবে আমাদের সংস্কার ও বিপ্লবের প্রেরণা। সেই ত্যাগকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এবং ইসলামি মূল্যবোধভিত্তিক সংস্কার চালিয়ে যেতে অবিলম্বে ‘জুলাই সনদ’ প্রণয়ন করুন।
তিনি বলেন, “দীনদার ওলামায়ে কেরাম, চিন্তাশীল বুদ্ধিজীবী ও ইসলামপন্থী নেতৃত্বের ঐক্য ছাড়া দেশ ও জাতির জন্য টেকসই ইসলামি রূপরেখা বাস্তবায়ন সম্ভব নয়।”
তিনি ২০১৩ সালের শাপলা-গণহত্যা, ২০২৪ এর জুলাই-আগস্ট মাসে শহীদ, আহত ও নির্যাতিতদের ত্যাগ ও তিতিক্ষার কথা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন। শহীদদের রূহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, “আহত ও নিহতদের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন ও সম্মান প্রদান জাতি ও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”
মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, “আমাদের সামনের পথ হচ্ছে বিপ্লব ও সংস্কারের পথ। ব্যক্তি নয়, আদর্শ ও ইতিহাসের ভিত্তিতে নতুন বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোকে আন্তরিকতার পরিচয় দিতে হবে।
সভায় উপস্থিত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ইসলামি আন্দোলন ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বার্তা প্রেরক
হাসান জুনাইদ
মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস
ঐতিহাসিক বাস্তবতায় অবিলম্বে ‘জুলাই সনদ’ প্রণয়ন করুন -মাওলানা জালালুদ্দীন আহমদ
৬৫০