৭
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হামিউস সুন্নাহ মেখলের মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ওসমান ফয়েজী রহ. আজ দুপুরে (১৫ সেপ্টেম্বর) নিজ বাসস্থান চট্রগ্রামে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা ওসমান ফয়েজী রহ.-এর ইন্তেকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। দ্বীনি শিক্ষা, তালিম-তরবিয়ত ও দাওয়াতের ময়দানে তাঁর দীর্ঘদিনের খেদমত স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গনে একজন নিবেদিতপ্রাণ আলেম ও খাদেমকে হারানোর অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
শোকবার্তায় মাওলানা মামুনুল হক মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাঁর জীবনের সকল দ্বীনি খেদমত কবুল করুন, তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবার-পরিজন, ছাত্র, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক সইবার তাওফিক দান করুন।