১০
গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। জনগণের স্বার্থ উপেক্ষা করে একটি মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক প্রক্রিয়া সফল হতে পারে না। তিনি অবিলম্বে গণভোটের গণমুখী রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়, জুলুম ও শোষণের বিরুদ্ধে রাজপথে শান্তিপূর্ণ গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।
সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী রেজাউল করিম। হাফেজ জাহিদ হাসানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক ড. সহিদুল বারী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্র মজলিসের সভাপতি তুষার, যুব মজলিসের মাওলানা শারাফাত হুসাইন, দৌলতপুর থানা শাখার সেক্রেটারি মাওলানা আজিম উদ্দিন, ভেড়ামারা থানা সভাপতি মাওলানা আবু সাইদ, মিরপুর থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, মিরপুর পৌর সেক্রেটারি মাওলানা আবুল হাসেম, কুষ্টিয়া সদর সভাপতি মুফতী বশির উদ্দিন, কুষ্টিয়া পৌর সভাপতি মুফতী হারুনুর রশীদ এবং ইবি শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতী আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা।
