৪
বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী বৈঠক আজ সকাল ৮টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
বৈঠকে আগামী ১৮ জুলাই কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিতব্য নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি ও প্রস্তুতিমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জননন্দিত ইসলামী চিন্তাবিদ ও শীর্ষ আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে সংসদ সদস্য আবু আশফাকের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা। সেখানে দেশের একজন শীর্ষ আলেম ও জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্বকে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য জাতির ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে।”
তিনি আরও বলেন, “সংসদ সদস্য আবু আশফাককে তার বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সংসদে ব্যবহৃত অশালীন ও আপত্তিকর শব্দসমূহ কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”
বৈঠকে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
