৩৯
আজ ৩০ আগস্ট (রবিবার) বাংলাদেশ খেলাফত যুব মজলিস পটুয়াখালী জেলা শাখার আমেলা সদস্য মরহুম মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সাক্ষাৎ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল বিভাগের তত্ত্বাবধায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, যুব মজলিস এর কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ এবং সমাজকল্যাণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা জাকারিয়া আল ফারুকী।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন, মসজিদে ফজরের নামাজে সেজদারত অবস্থায় মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর ইন্তেকাল মহান আল্লাহর দরবারে তাঁর বিশেষ কবুলিয়াতেরই এক নিদর্শন। তিনি একদিকে যেমন ধর্মীয় ইমাম ছিলেন, তেমনিভাবে সমাজের নেতৃত্বে নিজেকে গড়ে তুলতে ও দ্বীনকে সমুন্নত করতে যুব মজলিসে কাজ করেছেন।
তিনি বলেন, পরিবারটি যেন নিজেদের কোনোভাবেই অসহায় মনে না করে, সে বিষয়ে আশ্বস্ত করে তাঁরা বলেন যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস অতীতেও তাঁদের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও সর্বাত্মক পাশে থাকবে।
পরিশেষে মরহুমের কবর জিয়ারত করে পরম করুণাময় আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও উত্তম প্রতিদানের প্রার্থনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলার সভাপতি মাওলানা আব্বাস আলী, পটুয়াখালী জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বরিশাল জেলা যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুন, দুমকি থানা খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান এবং পটুয়াখালী জেলা ও ধুমকি থানা যুব মজলিসের বায়তুল মাল সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক:
ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
সম্পাদক কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস