১৪
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও নোয়াখালীর জামিয়া ইসলামিয়া আহলিয়া আমানতপুর মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোশাররফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় সংগঠনের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আজ (৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মোশাররফ হোসেন গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম মাওলানা মোশাররফ হোসেন নোয়াখালীর একজন বিশিষ্ট আলেম, দ্বীনি শিক্ষাবিদ ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘদিন জামিয়া ইসলামিয়া আহলিয়া আমানতপুর মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালনকালে তিনি দ্বীনি শিক্ষা, দাওয়াত ও ইসলামী মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, খেলাফত ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুশতাক আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ মরহুমের দ্বীনি খেদমত, শিক্ষা বিস্তারে অবদান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক ও ইসলামী আন্দোলনের কার্যক্রমে তার ভূমিকার কথা স্মরণ করেন।
তারা বলেন, মাওলানা মোশাররফ হোসেন ছিলেন সংগঠনের একজন নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ অভিভাবক। বিশেষ করে নোয়াখালী অঞ্চলে দ্বীনি শিক্ষা ও দাওয়াতের প্রসারে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
এর আগে গতকাল এক বিবৃতিতে তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মাওলানা মোশাররফ হোসেনের অবদান ও ত্যাগ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার ইন্তেকালে সংগঠন একজন নিবেদিতপ্রাণ অভিভাবক এবং নোয়াখালীর একজন সর্বজনশ্রদ্ধেয় আলেম ও ব্যক্তিত্বকে হারিয়েছে।
দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। আল্লাহ তাআলা তার দ্বীনি খেদমত ও ইসলামী আন্দোলনের পথে ত্যাগ-কুরবানি কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করুন, কবরকে নূরে ভরপুর করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামীল দান করুন।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস