ভারতে মুসলিম নির্যাতন এবং শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের উদ্যোগে রাজশাহীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের রাজশাহী মহানগর সভাপতি মুফতি মাওলানা জুবায়ের আহমদ জমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা নাজমুল ইসলাম পীরজাদা, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইয়াসিন আলী, মহানগর প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদ শেখ এবং এলডিপি রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক জনাব মো. ওয়াহিদুজ্জামান ডাবলু প্রমুখ।
বক্তারা ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, বৈষম্য ও উগ্রবাদী হামলার তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে ঢাকার মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।