গতকাল বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন শেরেবাংলা নগর থানা কমিটি গঠন উপলক্ষে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
দায়িত্বশীল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, অফিস সম্পাদক এইচ এম খোকন ও যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আনোয়ার হোসেন রাজী দাওয়াতি কাজের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হলে নিয়মিত গণসংযোগ, ব্যক্তি যোগাযোগ ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। তিনি নবগঠিত কমিটির সদস্যদেরকে সংগঠনের নীতি আদর্শ অনুধাবন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুরশিদ সিদ্দিকী সংগঠন সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে বলেন, শক্তিশালী তৃণমূল সংগঠন ছাড়া জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। তাই প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ ও প্রশিক্ষিত কর্মী গড়ে তোলার কাজ জোরদার করতে হবে।
সভায় মাওলানা সানোয়ার হুসাইন-কে সভাপতি এবং মাওলানা ওয়াহিদুজ্জামান-কে সাধারণ সম্পাদক ও মাওলানা এসছানুল হক-কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট শেরেবাংলা নগর থানা কমিটি গঠন করা হয়।
