আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও জোনে জোর প্রস্তুতি চলছে। এ উপলক্ষে আজ (১৩ এপ্রিল, সোমবার) উত্তরা জোন, ভাটারা ও দারুস সালাম থানা শাখায় পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা জোনের উদ্যোগে দক্ষিণ খান থানা সভাপতি মাওলানা গাজী মাসউদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুজ্জাম্মিল হকের পরিচালনায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন।
ভাটারা থানা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মাওলানা নুরুল আলম কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা আবুল খায়ের শরিফীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য হাফেজ মুজিবুর রহমান।
একই উপলক্ষে দারুস সালাম থানা শাখার নির্বাহী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী এবং অফিস সম্পাদক এইচ. এম. খোকন।
প্রতিটি বৈঠকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ২৪ এপ্রিলের গণ-সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ থানা ও ওয়ার্ডভিত্তিক দায়িত্ব বণ্টন, জনসমাগম নিশ্চিতকরণ এবং প্রচার-প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
