গণভোটের মাধ্যমে প্রদত্ত জনগণের রায় দ্রুত কার্যকরের দাবিতে আগামী ২৪ এপ্রিল শুক্রবার বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য বিশাল গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আজ ২২ এপ্রিল বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ খেলাফত মজলিসের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা কুরবান আলী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসনাত জালালী, মাওলানা ফয়সাল আহম্মদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সাম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সাম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সাম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রকাশনা সাম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সাম্পাদক মাওলানা হাসান জুনাইদ, কেন্দ্রীয় নির্বাহি সদস্য মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, যুব মজলিস জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিস সভাপতি মাওলানা আব্দুল আজীজ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ২৪ এপ্রিলের গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। তারা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করেছে। এই রায় বাস্তবায়িত হলে সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের বাধ্যবাধকতা এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, গণরায় উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। অথচ বর্তমান সরকার গণভোটের রায় অমান্য করে সংবিধানের সীমিত সংশোধনের পথে অগ্রসর হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
সভায় জানানো হয়, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট ও নীতিগত অবস্থান গ্রহণ করেছে এবং এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। আমীরে মজলিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতাকে গণভোটের রায় কার্যকর এবং রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে ২৪ এপ্রিলের গণসমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় আরও জানানো হয়, উক্ত গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চীফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
বার্তা প্রেরক
হাসান জুনাইদ
প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস