সদস্য হোন
সদস্য হোন

ঈদুল আজহায় গরুর হাটে চাঁদাবাজি বন্ধ ও ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিন

সরকারের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিস

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্পাদকমণ্ডলীর এক গুরুত্বপূর্ণ সভা আজ রবিবার (১৭ মে) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ। সভা পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শরাফত হোসাইন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী। সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আবুল হাসানাত জালালী। প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সাম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, সহ-বায়তুলমাল সম্পাদক ক্বারী হোসাইন আহমদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ ফি আদায় বন্ধ করতে হবে। অন্যথায় সাধারণ বিক্রেতা ও ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং বাজার ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। গত ঈদুল ফিতরে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে। এসব দুর্ঘটনার পেছনে দুর্বল সড়ক ব্যবস্থাপনা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, চালকদের বেপরোয়া মনোভাব এবং প্রশাসনের নির্বিকারতা অনেকাংশে দায়ী।

 

সভায় বলা হয়, গরুর হাট, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও পরিবহন খাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে; কোরবানির পশুর হাটে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে; মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে; এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হবে।

সভায় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।

বার্তা প্রেরক

হাসান জুনাইদ

প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক

বাংলাদেশ খেলাফত মজলিস

এ জাতীয় আরো সংবাদ