৫
ঢাকা, ২৬ জুন ২০২৬:
বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদপুর জোনের উদ্যোগে দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।
মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক রাহমানী ও সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা এহসানুল হক ও মাওলানা কামালুদ্দিন ফারুকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাটোরী, অফিস সম্পাদক এইচ. এম. খোকন এবং শাইখুল হাদিস (রহ.)-এর কনিষ্ঠ সাহেবজাদা মাওলানা মাসরুরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে তাঁর প্রতিনিধিত্ব তথা খেলাফতের দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করেছেন। ন্যায়ভিত্তিক খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি নবাগত সদস্যদের নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি মোহাম্মদপুর এলাকার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাংয়ের উৎপাত ও সামাজিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা মোকাবিলায় আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য “সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ” সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিপথগামী কিশোরদের সংশোধন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের নানা শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক নেতৃস্থানীয় ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য ফরম পূরণ করে আমীরে মজলিসের হাতে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।
আমীরে মজলিস নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।