৭
বাংলাদেশ খেলাফত মজলিস বরগুনা জেলা শাখার উদ্যোগে আজ ১৯ জুলাই রবিবার বিকালে জেলা দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম এবং পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত, পরিকল্পিত ও ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি সুদৃঢ় করতে দায়িত্বশীলদের ঐক্য, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে যে জনরায় প্রকাশিত হয়েছে, সরকার তা অমান্য করে জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে। জনগণের প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি ও জনদুর্ভোগে মানুষ আজ চরমভাবে অতিষ্ঠ। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের ন্যায্য অধিকার, ইসলামী মূল্যবোধ এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল করিম, উপদেষ্টা ও বরগুনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি গোলাম মাওলা জাহিদ, সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, সহ-সভাপতি মাওলানা ইউসুফ, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন মাহমুদীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বর্তমানে তিন দিনের সাংগঠনিক সফরে বরিশাল বিভাগে অবস্থান করছেন। এ সফরের অংশ হিসেবে তিনি পর্যায়ক্রমে বিভাগের সবগুলো জেলায় দায়িত্বশীল সভা, কর্মী সমাবেশ এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।