১১
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক আজ রোববার (২৬ জুলাই) রাজধানীর মুহাম্মদপুরে তাঁর ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও সোনারগাঁও থানা শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক সাংগঠনিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা ফয়সাল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয় সংসদ সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহসহ জেলা, মহানগর ও থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আমীরে মজলিস নারায়ণগঞ্জে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং চলমান কর্মসূচির সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী করে গড়ে তুলতে দায়িত্বশীলদের নিষ্ঠা, পরিকল্পনা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।
তিনি বিগত ফ্যাসিবাদী শাসনামলে সোনারগাঁওয়ে নির্যাতনের শিকার সর্বস্তরের জনগণের সঙ্গে আগামী ২৯ আগস্ট মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেন এবং এ উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি দলীয় ঐক্য, শৃঙ্খলা, সাংগঠনিক দায়িত্বশীলতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।