১০
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) দেশব্যাপী ১১ দলীয় জোট ঘোষিত “গণরায়ের, গণভোটের রায় বাস্তবায়নের” দাবিতে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলায় শান্তিপূর্ণ গণমিছিলের প্রস্তুতিকালে বিএনপির নেতাকর্মীদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জাজিরা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণমিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কোনো ধরনের উস্কানি ছাড়াই থানা বিএনপির একদল নেতাকর্মী মিছিলসহ এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ১১ দলীয় জোটের ব্যানার ছিনিয়ে নেয় এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে নেতাকর্মীদের ওপর নির্বিচারে হামলা চালায়। হামলার ভিডিওচিত্র ধারণ করায় মিডিয়াকর্মীদের ওপরও চড়াও হয়ে তাদের রক্তাক্ত করা হয়।
তিনি বলেন, এ হামলায় বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এছাড়া ১১ দলীয় জোটের আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সশস্ত্র হামলা সভ্য গণতান্ত্রিক রাজনীতির ওপর নগ্ন আঘাত। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সন্ত্রাস, হামলা ও পেশিশক্তির ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
মহাসচিব আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সংশ্লিষ্ট প্রশাসনকে বহন করতে হবে।
তিনি রাজনৈতিক সহিংসতার পরিবর্তে গণতান্ত্রিক সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস