১৩
আজ (১৩ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে গত ৪ আগস্টের ঘটনায় আহত সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলে হামলার পরিস্থিতি, তাদের অভিজ্ঞতা এবং দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সজীব মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ওবায়দুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উইংয়ের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দায়িত্বশীল মাওলানা নুরুল্লাহ মাহমুদ, জবি শাখার বাইতুল মাল সম্পাদক জাহাঙ্গীর আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মুশফিকুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।