১৬
আজ (৮ সেপ্টেম্বর ২০২৬) মঙ্গলবার কাঠমান্ডুতে জমিয়তে উলামায়ে নেপালের কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আল্লামা মামুনুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা খেলাফত মজলিস-বিকেএমের সহ-সভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং মাদরাসাতুর রহমানের ভাইস প্রিন্সিপাল শায়খুল হাদীশ আক্তারুজ্জামান।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মুসলিম জনগোষ্ঠীর বিভিন্ন বিষয়, ইসলামী শিক্ষা, দাওয়াহ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আল্লামা মামুনুল হক বলেন, “নেপালে ইসলামী শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই। মাদ্রাসা খুব কম। যে কয়টি মাদ্রাসা আছে, সেগুলোও সর্বোচ্চ উচ্চমাধ্যমিক পর্যন্ত। উচ্চতর শিক্ষার জন্য ভারতে যেতে হয়। তাই জমিয়তে উলামায়ে নেপাল দারুল উলুম নেপাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। নেপালের ২০ লাখ মুসলমানের কল্যাণে এই জামিয়া প্রতিষ্ঠায় বিশ্ব মুসলিমের প্রতি সর্বাত্মকভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, নেপালে ইসলামী শিক্ষার প্রসার ও উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে দারুল উলুম নেপাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগ বাস্তবায়নে মুসলিম উম্মাহর সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাতে উভয় পক্ষ নেপাল ও বাংলাদেশের আলেমসমাজ এবং ইসলামী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।