৭
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসার ৪৫ জন উস্তাদ রিয়াদ বিমানবন্দরে ট্রানজিটের সময় হামলার শিকার হয়েছেন। প্রাপ্ত তথ্যমতে, তাঁদের মধ্যে ৩২ জন নিরাপদে রয়েছেন। মাদরাসাটির কয়েকজন উস্তাদ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে মাওলানা সাঈদ আহমেদের একটি পা এবং মাওলানা সাফফাত হোসাইনের দুটি পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে।
আজ ১১ অক্টোবর, রবিবার এক বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সফররত ব্যক্তিসহ নিরীহ মানুষের হতাহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
তিনি বলেন, সৌদি আরব ও ইয়েমেনের হুথি কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা, তাঁরা যেন পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীসহ সব বেসামরিক মানুষের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। সংঘাতের কারণে যেন নিরীহ মানুষকে জীবন দিতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, আহতদের সুচিকিৎসা, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আঞ্চলিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে। বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সৌদি আরবে আহত বাংলাদেশিদের সুচিকিৎসা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং তাঁদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। একই সঙ্গে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
বার্তা প্রেরক
(আশরাফুল ইসলাম সাদ)
সদস্য, মজলিস মিডিয়া সেল
বাংলাদেশ খেলাফত মজলিস