৬
স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করতে নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্য ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কুয়েত শাখার নেতৃবৃন্দ। তাঁরা বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শাসনের সঙ্গে আপস করে যারা নির্বিঘ্নে জীবনযাপন করেছেন, আজ তাঁরাই বিভিন্ন গোত্রীয় ও দলীয় বিভেদ উসকে দিয়ে নিজেদের অর্জিত বৃহত্তর রাজনৈতিক সফলতাকে নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।
তাঁরা বলেন, একটি দেশের সব নাগরিক একসঙ্গে রাষ্ট্রপতি হতে পারেন না, একটি শ্রেণির সব শিক্ষার্থীও একসঙ্গে প্রথম হতে পারে না। তেমনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মতো বৃহৎ লক্ষ্যে পৌঁছতে হলে একজন যোগ্য আমীরের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই আমীর হতে হবে, আমিই বড়—এমন মানসিকতা একটি জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কল্যাণকামী মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠায় যোগ্যতা, সাহস ও দক্ষতার কোনো বিকল্প নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ কিংবা পাকিস্তানের মাওলানা ফজলুর রহমানের যোগ্যতা ও নেতৃত্বের প্রশংসা করতে আমাদের আপত্তি নেই। কিন্তু নিজ দেশে যোগ্য নেতৃত্ব তৈরি হলে তা মেনে নিতে এত আপত্তি কেন? নিজ ঘরে যোগ্য নেতৃত্বের বিকাশে যাঁদের হিংসা ও বিদ্বেষ, তাঁদের এলোমেলো বক্তব্য শেষ পর্যন্ত ঐক্য বিনষ্টেরই হাতিয়ার হয়ে উঠছে।
তাঁরা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চারদলীয় জোট, ইসলামী ঐক্যজোট, ইসলামী মোর্চা এবং মাওলানা আতহার আলী রহ.-এর যুক্তফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক ঐক্যের দৃষ্টান্ত রয়েছে। সময়ের বাস্তবতায় বর্তমান ১১ দলীয় নির্বাচনী সমঝোতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতায় এনসিপি, কর্নেল আলী আহমদের দলসহ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। এসব দলের সবাই জামায়াতে ইসলামীর আকিদা অনুসরণ করবে—এমন প্রশ্ন তোলার যৌক্তিকতা কী? তাঁরাও তো মুসলমান। রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও অভিন্ন লক্ষ্যকে গুরুত্ব দেওয়াই স্বাভাবিক। তাহলে এ নিয়ে অহেতুক প্রশ্ন ও বিভেদ সৃষ্টির পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন।
নেতৃবৃন্দ বলেন, শাসকদের একটি চিরাচরিত কৌশল হলো জনগণকে ঐক্যবদ্ধ হতে না দিয়ে বিভিন্ন ভাগে বিভক্ত করে রাখা, যাতে ক্ষমতা কুক্ষিগত করা সহজ হয়। দুঃখজনকভাবে, আজ কেউ কেউ সেই বিভাজনের রাজনীতির ফাঁদে পা দিচ্ছেন। সামান্য অনুকূল পরিবেশ পেয়ে গঠনমূলক আলোচনা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিবর্তে গোত্রীয় বিভেদ উসকে দেওয়াকেই যেন কেউ কেউ নিজেদের রাজনৈতিক দায়িত্ব মনে করছেন।
তাঁরা আরও বলেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. বলতেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপ্রাণ প্রচেষ্টা চালানোর দায়িত্ব তিনি পাঁচজন যোগ্য ও বড় আলেমের হাতে দিয়ে যেতে চান। তিনি তাঁর কথা ও কাজের মাধ্যমে যোগ্য আলেম নেতৃত্ব তৈরির যে স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সেই ধারাবাহিকতাই বহন করছে। বাংলাদেশের সিংহপুরুষ প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান রহ. থেকে শুরু করে বর্তমান আমীর আল্লামা মামুনুল হক পর্যন্ত যোগ্য আলেমদের নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে।
তাঁরা স্মরণ করিয়ে দেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রায় সব কেন্দ্রীয় দায়িত্বশীলকে কারানির্যাতন ও নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু সংগঠনটি কোনো জালেম সরকারের কাছে মাথানত করেনি; বরং সব সময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং মানুষের অধিকার ও মুক্তির পক্ষে সোচ্চার থেকেছে।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আমীরে মজলিস আল্লামা মামুনুল হককে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। সে সময় ইনু-মেননদের বক্তব্যের সুরে কথা বলা কিছু লেবাসধারী মানুষ এসব নির্যাতনকে সমর্থন করে উল্লাস প্রকাশ করেছিল। আজও আল্লামা মামুনুল হক যখন মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলছেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন এবং একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন, তখন তাঁর বিরুদ্ধে বহুমাত্রিক ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর যোগ্যতা, সাহসী ভূমিকা ও জনপ্রিয়তাই একটি মহলের হিংসা-বিদ্বেষের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তাঁরা মনে করেন।
তাঁরা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু ব্যক্তিগত বিদ্বেষ, হিংসা ও বিভেদ ছড়িয়ে বৃহত্তর ঐক্যকে নস্যাৎ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে হলে মুক্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যোগ্য নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং জাতীয় স্বার্থকে ব্যক্তিগত ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে স্থান দিতে হবে।
পরিশেষে নেতৃবৃন্দ শেখ সাদী রহ.-এর একটি প্রসিদ্ধ উক্তি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “দুনিয়ার সকল মানুষ বেকুব হয়ে গেলেও বেকুব নিজেকে চালাক মনে করবে।” তাই আত্মসমালোচনা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে বিভেদ নয়, ঐক্যের পথেই এগিয়ে আসতে হবে।