বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বাছেত কাসেমী এবং পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ও নরসিংদী–৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম। তিনি সংগঠনের প্রতিষ্ঠা, সংগ্রাম, ত্যাগ ও আদর্শিক অবস্থানের ইতিহাস তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের প্রতিটি সংকটময় মুহূর্তে খেলাফত মজলিস জাতির পাশে থেকেছে। স্বৈরাচারী শাসনামলে সংগঠনের নেতা-কর্মীরা নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছেন—তবুও সংগ্রামের ময়দান ছেড়ে যাননি। তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আমীরে মজলিসের নির্দেশে জীবন বাজি রেখে মাঠে নামার কথা স্মরণ করে বলেন, “আন্দোলনের এক পর্যায়ে আমি বুলেটবিদ্ধ হই। শিবপুরের মানুষের জন্য প্রয়োজনে আমি আমার জীবনও বিসর্জন দিয়ে দেব।
শিবপুরের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার চিত্র তুলে ধরে তিনি বলেন, “৫৪ বছর ধরে শিবপুরবাসী প্রতারিত হয়ে আসছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা রাজধানীর আরামে জীবন কাটালেও শিবপুরের উন্নয়নে কোনও আন্তরিকতা দেখাননি। দুর্নীতি প্রতিটি সেক্টরে চরমে পৌঁছেছে, রাস্তাঘাটের অবস্থা বেহাল—জনদুর্ভোগ সীমাহীন।”
তিনি আরও বলেন, “এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ এখন সময়ের দাবি। আমাদের উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, আমাদের উদ্দেশ্য সেবা করা। শিবপুরের মানুষের পক্ষে আমি আজীবন সংগ্রাম করব—আপনাদের কখনো ছেড়ে যাবো না।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা শাখার সহসভাপতি কারী সানাউল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন রাসুলপুরী, সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, যুব মজলিস শিবপুর উপজেলা সভাপতি মুফতি রহমতুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
আশরাফুল ইসলাম সাদ
সদস্য, মজলিস মিডিয়া সেল
বাংলাদেশ খেলাফত মজলিস
