৫
জাতীয় সংসদে স্পিকার ও এক সদস্য কর্তৃক বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ, অজ্ঞতাপ্রসূত ও কুৎসাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির হাশেমী, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, জেলা শাখার সহ-প্রচার সম্পাদক মাওলানা শহীদুল্লাহ সাদী, যুব মজলিস কিশোরগঞ্জ উত্তর জেলার সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমান মামুন, বৌলাই ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমান রাঘুবী, টানাপাটুলি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক এবং ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ এমদাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় সংসদে আমীরে মজলিসের বিরুদ্ধে প্রদত্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন শীর্ষ ইসলামী নেতার বিরুদ্ধে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তারা অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের দুঃখ প্রকাশের দাবি জানান।
সমাবেশে বক্তারা ইসলামী নেতৃত্বের মর্যাদা রক্ষা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।