৫
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় কার্যকর কৌশল তুলে ধরার পরিবর্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলা পুলিশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।
আজ সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ক্রসফায়ার ছাড়া আইনশৃঙ্খলা রক্ষার কোনো কার্যকর কৌশল কি পুলিশের কাছে নেই? অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও বিচারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা ও কৌশল যদি আইজিপির না থাকে, তাহলে তাঁর এই পদে থাকার যৌক্তিকতা নেই। এ দায়িত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া উচিত, যিনি আইনসম্মত উপায়ে পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবেন।
তিনি বলেন, অতীতে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি গুম, নির্যাতন ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের পথ প্রশস্ত করেছিল। সেই দুঃসহ অভিজ্ঞতার পরও পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে একই ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ ফ্যাসিবাদী কায়দায় পরিচালিত পুলিশি ব্যবস্থা নয়, বরং আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল পুলিশ বাহিনী প্রত্যাশা করে।
মাওলানা আতাউল্লাহ আমীন আরও বলেন, সরকার অনুমোদন দিলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বৈধ হয়ে যায় না। অপরাধ দমনে পুলিশকে কঠোর হতে হবে, তবে সেই কঠোরতা অবশ্যই আইনের সীমার মধ্যে থাকতে হবে। আমরা আইজিপির বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি। ক্রসফায়ারের হুমকি নয়, আইনের নিরপেক্ষ প্রয়োগ ও কার্যকর পুলিশি ব্যবস্থার মাধ্যমেই দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস