সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিসের স্থায়ী স্বেচ্ছাসেবকদের শৃঙ্খলা ও দক্ষতা অর্জনে বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

by Saifullah
আজ বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের স্থায়ী স্বেচ্ছাসেবকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা, মিছিল-সমাবেশসহ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি এবং দুর্যোগ ও মানবিক সংকটকবলিত এলাকায় সেবামূলক কার্যক্রমে দায়িত্ব পালনের উপর বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ এবং সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ আজিজী।
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ তার আলোচনায় বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের শক্তি শৃঙ্খলাবদ্ধ, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মীবাহিনীর ওপর নির্ভরশীল। তিনি বলেন, স্বেচ্ছাসেবকদের সংগঠনের আদর্শ ও নৈতিকতার প্রতিচ্ছবি হিসেবে গড়ে উঠতে হবে। দায়িত্ব পালনে আন্তরিকতা, সময়ানুবর্তিতা, ধৈর্য ও নেতৃত্বের নির্দেশনার প্রতি আনুগত্য বজায় রাখার পাশাপাশি জনসাধারণের সঙ্গে উত্তম আচরণ ও মানবিক দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।
আলোচকবৃন্দ বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে সংগঠনের কর্মসূচির পাশাপাশি বন্যা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় শৃঙ্খলাপূর্ণ ও কার্যকর সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান।
সভা শেষে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং দেশ, জাতি ও দ্বীনের বিজয় কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ